ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের পাঠকক্ষের উন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য সুন্দর পড়াশোনার পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে নগদ অর্থ ও প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়েছে। গতকাল ৮ সেপ্টেম্বর ২০২৬ এ অর্থ ও সামগ্রীগুলো হস্তান্তর করা হয়।
ডাকসুর স্যার এ এফ রহমান হলের পাঠকক্ষ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল মো. ওয়াসির আল মাসতুর। দায়িত্ব গ্রহণের পর তাঁর ইশতেহারে ঘোষিত প্রায় সবগুলো প্রতিশ্রুতি বাস্তবায়িত হলেও পাঠকক্ষের উন্নয়নসংক্রান্ত কয়েকটি প্রতিশ্রুতি বাস্তবায়ন বাকি ছিল। পরবর্তীতে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহযোগিতায় সেসব প্রতিশ্রুতিও বাস্তবায়ন করা হয়।
এর অংশ হিসেবে পাঠকক্ষে প্রদান করা হয়েছে নগদ অর্থ ও বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। এর মধ্যে রয়েছে
১. ‘শাপলা শহীদ স্মৃতি লাইব্রেরি’ স্থাপনের জন্য নগদ অর্থ।
২. লোডশেডিংয়ের সময় শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখার জন্য AC/DC লাইট ও লাইট স্থাপনের প্রয়োজনীয় সামগ্রী।
৩. হলের শিক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনার সুবিধার্থে Wi-Fi সংযোগযুক্ত CCTV ক্যামেরা।
অর্থ ও সামগ্রী হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. শাহরিয়ার আলম, বায়তুলমাল সম্পাদক মো. আলী হোসেন তন্ময় এবং সদস্য মো. সাব্বির হোসেন।
হল সংসদের পক্ষ থেকে উপকরণগুলো গ্রহণ করেন ভিপি রফিকুল ইসলাম, জিএস হাবিব উল্যাহ (হাবিব) এবং হল সংসদের অন্যান্য সদস্য।
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নয়ন, নিরাপত্তা ও কল্যাণে এ ধরনের শিক্ষার্থীবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রত্যাশাকে সামনে রেখে ভবিষ্যতেও বিভিন্ন ইতিবাচক উদ্যোগ গ্রহণ করা হবে, ইনশাআল্লাহ।

