নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ২১ আগস্ট, সোমবার
শাইখুল হাদিস পাঠাগারের উদ্যোগে ‘দ্য আইকন অব ইয়ুথ—মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার মাতুয়াইল ইসলামিয়া আলীম মাদ্রাসায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর পূর্বের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর পূর্বের নির্বাহী সদস্য আজিজুল হাকিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মাওলানা আনিসুর রহমান কাসেমী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামি চিন্তা ও গবেষণা ইন্সটিটিউটের ব্যবস্থাপনা পরিচালক হাসান আল ফিরদাউস। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক আহমাদ মুরসালিন।
সেমিনারে বক্তারা তরুণ প্রজন্মের জন্য মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনাদর্শ, চরিত্র ও নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, তরুণদের নৈতিক ও আদর্শিক বিকাশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন ও কর্ম অনুসরণীয় আদর্শ হতে পারে।
সেমিনারে শাইখুল হাদিস পাঠাগারের দায়িত্বশীল, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

