ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ উপাচার্য নিয়োগকে ঘিরে উদ্ভূত সংঘাত, সহিংসতা ও অস্থির পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।
আজ ১৭ মে ২০২৬, রবিবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ এবং সভাপতি পরিষদ সদস্য হাবীবুল্লাহ মিসবাহ ও দিদারুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেন, নতুন উপাচার্য নিয়োগের ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের একাংশের শিক্ষার্থীরা ডুয়েটের জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নির্বাচনের দাবিতে কর্মসূচি পালন করে আসছিলেন। চলমান পরিস্থিতির প্রেক্ষিতে আজ ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, এ ঘটনায় অন্তত ১৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, শিক্ষাঙ্গন কখনো সংঘাত, প্রতিহিংসা বা শক্তির মহড়ার জায়গা হতে পারে না। মতপার্থক্য কিংবা প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ভিন্ন অবস্থান থাকতেই পারে; তবে তা সমাধানের পথ হতে হবে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল। শিক্ষার্থীদের ন্যায্য বক্তব্য উপস্থাপনের অধিকার যেমন রয়েছে, তেমনি সহিংসতা, উসকানিমূলক আচরণ ও অস্থিতিশীলতা সৃষ্টি করাও সমানভাবে নিন্দনীয়।
তারা আরও বলেন, ডুয়েট দেশের একটি গুরুত্বপূর্ণ বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এ প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম, একাডেমিক পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মহলকে বিচক্ষণতা ও সংযমের পরিচয় দিতে হবে। বলপ্রয়োগ বা মুখোমুখি অবস্থান নয়, বরং আলোচনাভিত্তিক উদ্যোগের মাধ্যমেই চলমান সংকটের কার্যকর সমাধান সম্ভব।
নেতৃবৃন্দ অবিলম্বে পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের চিহ্নিত করার, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার এবং ক্যাম্পাসে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি তারা সকল পক্ষকে দায়িত্বশীল আচরণ ও শিক্ষাঙ্গনের পবিত্রতা রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান।
বার্তা প্রেরক
মুহাম্মাদ সাইফুল্লাহ
কেন্দ্রীয় প্রচার সম্পাদক
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস
01955240477

