ফরিদপুর জেলা পশ্চিম শাখার উদ্যোগে দুই দিনব্যাপী ১ম ও ২য় কর্মী কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ফরিদপুর জেলা পশ্চিম শাখার উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ১ম ও ২য় কর্মী কর্মশালা আলহামদুলিল্লাহ অত্যন্ত সুশৃঙ্খল, ফলপ্রসূ ও সফলভাবে সম্পন্ন হয়েছে।
২৯ জানুয়ারি বৃহস্পতিবার বাদ মাগরিব কর্মশালার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে কর্মশালার সূচনা করা হয়। পরবর্তী দুই দিনে কর্মশালায় অংশগ্রহণকারী কর্মীদের জন্য আদর্শিক, সাংগঠনিক ও কর্মদক্ষতা উন্নয়নমূলক একাধিক গুরুত্বপূর্ণ সেশন পরিচালিত হয়।
কর্মশালার উল্লেখযোগ্য সেশনসমূহের মধ্যে ছিল— গঠনমূলক আলোচনা, গ্রুপ ওয়ার্ক, মূল্যায়ন পরীক্ষা, আত্মশুদ্ধি ও জবাবদিহিতামূলক এহতেসাব, পাশাপাশি কর্মীদের উৎসাহিত করতে পুরস্কার বিতরণী। প্রতিটি সেশনেই কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মশালার সফলতাকে আরও বেগবান করে।
৩০ জানুয়ারি শুক্রবার কর্মশালার সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা পশ্চিম শাখার সভাপতি জনাব শামসুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগঠনের কর্মপথ ও আর্থিক শৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক জনাব মাগফুর এজাজ। এছাড়াও সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত থেকে কর্মীদের মাঝে আদর্শিক দৃঢ়তা, সাংগঠনিক আনুগত্য ও দায়িত্বশীলতা বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেন।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, এই কর্মশালা কর্মীদের মাঝে ইসলামী আদর্শে গঠিত নেতৃত্ব তৈরিতে, সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে এবং ভবিষ্যৎ আন্দোলনকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে— ইনশাআল্লাহ।



