রাজধানীর শাহবাগ থানার ভেতর সন্ত্রাসী তাণ্ডব সৃষ্টি করে ডাকসু নেতৃবৃন্দ, ক্যাম্পাস সাংবাদিক এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদল নামধারী সন্ত্রাসীদের পৈশাচিক হামলার ঘটনায় গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।
কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ, সভাপতি পরিষদ সদস্য মোহাম্মাদ হাবিবুল্লাহ মিসবাহ ও দিদারুল ইসলাম আজ (২৩ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে বলেন, “দেশের চলমান দুর্বল অর্থনীতির ,প্রশাসনও আইনশৃঙ্খলার চরম অবনতি , দুর্নীতি, চাঁদাবাজি থেকে জনদৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতেই ছাত্রদলকে মাঠে নামিয়ে পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গনে অশান্তি সৃষ্টি করা হচ্ছে। একটি সস্তা ও ভুয়া স্ক্রিনশটকে পুঁজি করে থানায় জিডি করতে যাওয়া শিক্ষার্থীদের ওপর যেভাবে মব জাস্টিস পরিচালনা করা হয়েছে, তা কেবল নিন্দনীয়ই নয় বরং আইনের শাসনের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার নামান্তর। আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে, খোদ পুলিশের উপস্থিতিতে থানার ভেতর ডাকসু প্রতিনিধি ও সাংবাদিকদের ওপর হামলা হলেও প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করেছে, যা গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়।”
নেতৃবৃন্দ আরও বলেন, “জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যখন আমরা মেধা ও আদর্শভিত্তিক রাজনীতির প্রত্যাশা করছি, তখন ছাত্রদল আবারও রামদা, চাপাতি ও পেশিশক্তির রাজনীতি ফিরিয়ে এনে ক্যাম্পাসগুলোতে ত্রাসের রাজত্ব কায়েম করতে চাচ্ছে। সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক হামলা ও ক্যামেরা ভাঙচুরের মাধ্যমে তারা সত্যের কণ্ঠরোধ করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই অপরাজনীতি অতীতেও জনজীবনকে অতিষ্ঠ করেছে এবং বর্তমানেও এর পুনরাবৃত্তি দেশের ছাত্রসমাজ মেনে নেবে না।”
বিবৃতিতে নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার দায় আড়াল করতে ছাত্রসমাজকে ঢাল হিসেবে ব্যবহার করবেন না। অবিলম্বে শাহবাগ থানার সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। অন্যথায় এই অনিয়ন্ত্রিত ‘লাঠিয়াল বাহিনী’র কর্মকাণ্ড নিকট ভবিষ্যতে আপনাদের বিরুদ্ধেই বুমেরাং হয়ে দাঁড়াবে। ন্যায়ের পক্ষে এবং জুলুমের বিপক্ষে ছাত্রসমাজকে সাথে নিয়ে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস রাজপথে কঠোর অবস্থান নিতে দ্বিধা করবে না।”
পরিশেষে, আহতদের আশু সুস্থতা কামনা করে ক্যাম্পাসসমূহে স্থিতিশীলতা ফেরাতে প্রশাসনকে দলদাসের ভূমিকা ছেড়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান নেতৃবৃন্দ।
বার্তা প্রেরক
মুহাম্মাদ সাইফুল্লাহ
কেন্দ্রীয় প্রচার সম্পাদক
01955240477


