ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার একটি প্রতিনিধি দল উপাচার্যের কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় শাখা সভাপতি জুনায়েদ খান নবনিযুক্ত উপাচার্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশা তুলে ধরে শিক্ষার্থীবান্ধব ১৮ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি উপাচার্যের হাতে তুলে দেন।
স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলোর মধ্যে ছিল— সাজিদ আবদুল্লাহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত সনাক্তকরণ এবং রুনা ম্যামের হত্যাকাণ্ডে জড়িতদের দৃশ্যমান শাস্তি নিশ্চিতকরণে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা, শিক্ষার্থীদের অভিযোগ গ্রহণ ও দ্রুত নিষ্পত্তির জন্য অনলাইন কমপ্লেইন ও ট্র্যাকিং সিস্টেম চালু, ক্লাসরুম ও আবাসিক হলসমূহে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা নিশ্চিতকরণ, সিট বণ্টনে স্বচ্ছতা প্রতিষ্ঠা, সেমিস্টার ফি সহনীয় পর্যায়ে নির্ধারণ, সার্টিফিকেট সংশোধন প্রক্রিয়া সহজীকরণ, শিক্ষার্থীদের জমাকৃত রশিদসমূহ যথাযথ ভাবে নথিভুক্ত করণ এবং তা ডিজিটালভাবে সংরক্ষণ , বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ , আল-ফিকহ বিভাগে ৫০% মাদরাসা কোটা বহাল রাখা,মুসলিমদের জন্য ইসলামিক স্টাডিজ বাধ্যতামূলক করা এবং অন্য ধর্মাবলম্বীদের জন্য ইসলামীক স্টাডিজ ও বাংলাদেশ স্টাডিজকে ঐচ্ছিক রাখা, পূর্ণাঙ্গ অনলাইন একাডেমিক সেবা চালু, পরিবহন সংকট নিরসন, নিয়মিত মশা নিধন কার্যক্রম পরিচালনা করা , শিক্ষার মানোন্নয়ন ও কোর্স মনিটরিং ব্যবস্থা, বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ, ভেঙে যাওয়া নিরাপত্তা প্রাচীর পুননির্মাণ করা, কেন্দ্রীয় মসজিদে শীতাতপ নিয়ন্ত্রণে এসি স্থাপন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পোস্টারমুক্ত রাখার দাবি।
সাক্ষাৎকালে মাননীয় উপাচার্য মনোযোগ সহকারে দাবিসমূহ শুনেন এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। তিনি শিক্ষার্থীদের কল্যাণ ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে বলে আশ্বাস প্রদান করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্যও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি নোমান হুসাইন,সাবেক সভাপতি সাদেক আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক ইকরামুল হক, সাহিত্য ও গবেষণা সম্পাদক রনি আহমাদ, তথ্য ও যোগাযোগ সম্পাদক জিহাদ হুসাইন, প্রশিক্ষণ সম্পাদক রেদওয়ান হুসাইন, সদস্য ইব্রাহিম খলীল, মোহাম্মদ হিজবুল্লাহসহ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে , বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবি ও প্রত্যাশার প্রতি গুরুত্বারোপ করে একটি আধুনিক, সুশৃঙ্খল ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।


