নরসিংদীর মাধবদী উপজেলার মহিষাশুড়া এলাকায় এক কিশোরীকে অপহরণ, নির্যাতন ও নির্মমভাবে হত্যার ঘটনায় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস গভীর শোক, তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে। সরিষা ক্ষেত থেকে ১৫ বছর বয়সী কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনা দেশবাসীকে মর্মাহত করেছে।
আজ ২৭ ফেব্রুয়ারি ২০২৬ কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আবদুল আজিজ এবং সভাপতি পরিষদ সদস্য হাবীবুল্লাহ মিসবাহ ও দিদারুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেন, এ নির্মম হত্যাকাণ্ড কেবল একটি পরিবারের অপূরণীয় ক্ষতি নয়; এটি রাষ্ট্রের নিরাপত্তা ও ন্যায়বিচার ব্যবস্থার কার্যকারিতা নিয়ে গভীর প্রশ্ন তোলে। পূর্বে নির্যাতনের অভিযোগ থাকা সত্ত্বেও কার্যকর সুরক্ষা নিশ্চিত না হওয়া অত্যন্ত উদ্বেগজনক।
নেতৃবৃন্দ বলেন, নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা সমাজের নৈতিক ভিত্তিকে দুর্বল করে দেয়। বিচারহীনতার সংস্কৃতি ও প্রশাসনিক শৈথিল্য অপরাধীদের উৎসাহিত করে। তাই ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করে সংশ্লিষ্ট সকলকে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার শেষ করে কঠোরতম শাস্তি কার্যকর করতে হবে। পাশাপাশি ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা, আইনি সহায়তা ও পুনর্বাসন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
নেতৃবৃন্দ সতর্ক করে বলেন, তদন্তে গাফিলতি, প্রভাব বিস্তার বা কালক্ষেপণের কোনো অপচেষ্টা হলে তা দেশবাসী মেনে নেবে না। প্রয়োজনে ন্যায়বিচারের দাবিতে ছাত্রসমাজকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
আমরা নিহত কিশোরীর রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাআলা এ জুলুমের সুবিচার নিশ্চিত করুন। আমীন।
বার্তা প্রেরক
মুহাম্মাদ সাইফুল্লাহ
কেন্দ্রীয় প্রচার সম্পাদক
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস


